পাত্রী পক্ষের জন্য পান আনতে গিয়ে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল হবু বরের। ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম, ঈদুল সব্জী(২০)। সে পেশায় শ্রমিক। বাড়ি পুখুরিয়া থানার আড়াইডাঙ্গার নিজগা এলাকায়। পুলিশ মোটর বাইকটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার কদমতলী থেকে কন্যাপক্ষ দেখতে যায় ঈদুলকে। খাওয়া-দাওয়ার পর বিকেল নাগাদ কন্যা পক্ষের জন্য স্থানীয় বাজার থেকে পান আনতে যাচ্ছিল ঈদুল। সেই সময় উল্টো দিক থেকে একটি লড়ি মোটর বাইকটিকে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনায় গুরুতর আহত হয় ঈদুল। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলা কালীন গভীর রাতে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তা কারর কাছেই স্পষ্ট নয়।
এবিষয়ে মৃতর দাদা বাচ্চু সব্জী জানিয়েছেন, কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা পরিষ্কারভাবে তারা কেউ জানেন না।